রামগড়ে পাহাড় কেটে জমি ভরাট, তদন্তের নির্দেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কেটে স্থলবন্দরের জন্য জমি ভরাটের অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের জমি ভরাটে পরিবেশ ধ্বংস করে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

সংবাদে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টা তাৎক্ষণিকভাবে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেছেন।

এ বিষয়ে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের পরিবেশ, প্রাকৃতিক ভারসাম্য ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনও বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়। পাহাড় কাটা বা অবৈধভাবে জমি ভরাটের মতো কর্মকাণ্ড যদি ঘটে থাকে, তবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, খাগড়াছড়ির রামগড়ে পূর্ববর্তী সরকারের সময়ে নির্মিত স্থলবন্দরটি বাংলাদেশের ভূ-অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ, এ বিষয়ে পূর্বেই খতিয়ে দেখা হয়েছে। এই স্থলবন্দর প্রকল্পে বাংলাদেশের লাভ-ক্ষতির বিষয়টি পুনঃনিরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর