এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

এখন পর্যন্ত খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে। এখনও ভালো নির্বাচনী পরিবেশ রয়েছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে।

তিনি বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই দেশে এসেছে পীর-দরবেশদের হাত ধরেই। এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা। অথচ সম্প্রতি বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

এর আগে, সকালে নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন