বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপি ছেড়ে যোগ দিলেন জামায়াতে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ এএম

বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক স্ট্যাটাসে রফিকুল বাসেত লিখেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। ‎দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ‎আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই! ‎আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’
‎
‎
তিনি আরও লেখেন, ‘দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর এর নায়েবে আমীর, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। ‎আমি বিশ্বাস করি ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ‎রাজনৈতিক জীবনে অনেক ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, এবং দোয়া কামনা করছি, ‎যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমীন।’

গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমীর হোসেন আলী বলেন, ‘আজই তিনি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এর আগে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন