অবৈধভাবে পাহাড় কাটায় ৮ লাখ টাকা জরিমানা, এস্কেভেটর জব্দ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ এএম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি টিম, সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিন এবং স্থানীয় ব্যক্তিবর্গ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে পাহাড়ের মাটি কাটার অপরাধে মো. তাজুল ইসলাম (৪০), পিতা— সাইজুদ্দীন মুন্সী, ঠিকানা— খানবাড়ি, বড়ইয়া কৃষ্ণপুর, কচুয়া, চাঁদপুরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে।

আইনে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা ব্যক্তিমালিকানাধীন কোনো পাহাড় ও টিলা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কর্তন বা মোচন করা যাবে না। শুধুমাত্র অপরিহার্য জাতীয় স্বার্থে প্রয়োজন হলে নির্ধারিত অনুমতি সাপেক্ষে পাহাড় কাটার সুযোগ রয়েছে।

অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সদর দক্ষিণ। তিনি জানান, পাহাড় ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন