আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চান অনেকেই। এরই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী সময়ে তিনটি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সহধর্মিণী আকিয়ে অ্যাবের সঙ্গে বৈঠককালে তিনি এসব পরিকল্পনার কথা জানান। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে অ্যাবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং থ্রি জিরো উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাবেন।
ড. ইউনূসের পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, সেটি আরও বিস্তৃত আকারে অব্যাহত রাখা হবে এবং চলমান থাকবে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার ‘থ্রি জিরো’ উদ্যোগ।
