সব সময় এলাকার মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব: সৈয়দ ফয়সাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ এএম

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেছেন, আমি সব সময় এলাকার মানুষের পাশে ছিলাম। আগামীতেও থাকব।

শুক্রবার ঢাকায় চুনারুঘাট ও মাধবপুর উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে এই সভার আয়োজন করা হয়। সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান মিয়ার সভাপতিত্বে এতে আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সৈয়দ মোহাম্মদ ফয়সাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের কথা স্মরণ করে গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রকৃত উন্নয়নে সৈয়দ মোহাম্মদ ফয়সালকে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অতীতে এই সংসদীয় আসনের জনপ্রতিনিধিরা নিজেদের ভাগ্য বদলালেও এলাকার জন্য কাজ করেননি। বিপরীতে জনপ্রতিনিধি না হয়েও সৈয়দ মোহাম্মদ ফয়সাল নিজ খরচে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও দরিদ্র শিক্ষার্থীদের সেবায় দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছেন।

সভায় বক্তারা আরও বলেন, মাধবপুর ও চুনারুঘাট দেশের অন্যতম পিছিয়ে পড়া এলাকা। এখানে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ কম। বৃষ্টি হলে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগে যারা এখান থেকে সংসদ সদস্য হয়েছেন, তারা হাজার কোটি টাকার মালিক হলেও এলাকার দিকে ফিরে তাকাননি। এলাকার ভাগ্য বদলাতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করে মোহাম্মদ ফয়সালকে সংসদে পাঠানোর আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ হুমায়ুন, মাধবপুরের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর