তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকছে এবং সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। একই সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।
অধিদপ্তরের অনুমান অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া বেশিরভাগ অঞ্চলে শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা বড় ধরনের পরিবর্তন হবে না।
এ সময় পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা শৈত্যপ্রবাহের প্রভাবের মধ্যে থাকবে। দেশের কিছু অঞ্চলে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
