নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ইইউ মিশন, মাঠে নামছেন পর্যবেক্ষকরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গঠিত এই মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিকাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকা। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা মিশনের লক্ষ্য, কাঠামো ও কার্যক্রম সম্পর্কে মুখ্য সমন্বয়ককে অবহিত করেন। তারা জানান, প্রায় ২০০ জন পর্যবেক্ষক নিয়ে গঠিত এই মিশনের মূল দল ১১ জনের একটি বিশ্লেষক দলের সঙ্গে ২৯ ডিসেম্বর  ঢাকায় পৌঁছেছে। আগামী ১৭ জানুয়ারি থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে, যারা নির্ধারিত এলাকায় নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে মূল দলের কাছে প্রতিবেদন দেবেন।

এ ছাড়া ভোটগ্রহণের কয়েক দিন আগে ভোটদান, ভোট গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যুক্ত হবেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকেও কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এই কার্যক্রমে অংশ নেবেন বলে জানানো হয়।

ইইউ প্রতিনিধিরা আরও জানান, নির্ধারিত ও সুনির্দিষ্ট পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তথ্যনির্ভর, সামগ্রিক ও নিরপেক্ষ বিশ্লেষণ উপস্থাপন করবে। ভোটের দুই দিন পর, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে এবং এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এই প্রতিবেদন মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হলে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। চূড়ান্ত প্রতিবেদনটিও মিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সাক্ষাৎকালে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ হতে সকল ধরণের সহযোগিতা করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর