সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির উদ্যোগে নগরীর বারোরাস্তার মোড়ে আজ বাদ আসর সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আল-আমিন সরকার টিটুর সভাপতিত্বে ও রাজশাহী জেলা স্বেচ্ছাসবক দলের সদস্য মাসুদুর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মামুন-অর-রশিদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। বারবার রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি কখনো আপস করেননি। তাঁর নেতৃত্ব, সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, দেশ আজ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবে তাঁর আদর্শ ও সংগ্রামের পথ ধরেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।
মামুন-অর-রশিদ মামুন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন অবিসংবাদিত নেতৃত্ব হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক আহবায়ক এড. এরশাদ আলী ঈশা, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শরিফুল হক, নগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি আকুল হোসেন মিঠু, সহ-সাধারণ সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক শরীফ হোসেন, প্রচার সম্পাদক কুরবান আলী, প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
