জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল প্রসঙ্গ অন্তর্ভুক্ত ছিল। এ প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান কারিগরি সমীক্ষা দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত আরও জানান, তার সরকার বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দিয়ে যাবে এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য শুভকামনা জানান।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিধারায় সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
