নির্বাচনী ইশতেহার কেবল প্রতিশ্রুতির দলিল নয়, রাষ্ট্রচিন্তার রূপরেখা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ, প্রতিবেশ ও জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও পরিবেশবাদীরা।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা) এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক সংলাপে এ দাবি জানানো হয়।

পরিজার সভাপতি ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ধারণাপত্রে প্রকৌশলী মো. আবদুস সোবহান বলেন, ভোটাররা নির্বাচনী ইশতেহার দেখে কোনও দলের পরিকল্পনা বাস্তবসম্মত এবং কোনও প্রতিশ্রুতি তাদের জীবনে প্রভাব ফেলবে, তা বিচার করেন। নির্বাচনী প্রচারণার সময় ইশতেহারই হয়ে ওঠে প্রধান রাজনৈতিক বার্তা।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার কেবল প্রতিশ্রুতির দলিল নয়, এটি একটি দলের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার রূপরেখা। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে ইশতেহারে বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএসকের নির্বাহী পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. দিবালোক সিংহ বলেন, পরিবেশ রক্ষা করা বাঙালি জাতির স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে পানি ও পয়ঃনিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে প্রতিবছর ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু ঘটে। তিনি বলেন, সংসদ এমন হওয়া উচিত যেখানে পরিবেশবান্ধব নীতি ও আইন প্রণয়ন করা হবে। রাজনৈতিক দলের ইশতেহারে পরিবেশ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ও লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপরও তিনি জোর দেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকাদার বলেন, সংসদে অধিকাংশ সদস্য ব্যবসায়ী শ্রেণি থেকে নির্বাচিত হন এবং তারাই পরিবেশ ধ্বংসের সঙ্গে বেশি জড়িত। ক্ষমতায় গেলে অনেকেই প্রতিশ্রুতি ভুলে যান। তাই নির্বাচনী ইশতেহারে পরিবেশ বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে এবং পরিবেশ ধ্বংসকারীদের বয়কট করতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের কাছে পরিবেশ বিষয়ক সুস্পষ্ট সুপারিশ পাঠানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএসকের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকাদারের সভাপতিত্বে এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)-এর সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা আসলাম খান, কৃষিবিদ মো. আহসান করিম ভূইয়া, উন্নয়নকর্মী সানজিদা জাহান আশরাফি, শিক্ষা আন্দোলন নেতা রুস্তম আলী খোকন, সুপ্রিম কোর্টের আইনজীবী খালেকুন্নাহার তানইয়া, নগর দরিদ্র মানুষের প্রতিনিধি হোসনে আরা বেগম রাফেজা, পরিবেশকর্মী মোহাম্মদ সেলিম, বানিপা’র সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন ও সাংবাদিক রিয়াজ হোসেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর