‘উত্তরবঙ্গকে কৃষির রাজধানীতে পরিণত করা হবে’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পুরো উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করা হবে। এই লক্ষ্য অর্জনে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। যাতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটে এবং উৎপাদিত পণ্য সারাবিশ্বে রপ্তানি করা সম্ভব হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি স্কুল মাঠে ১০ জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সহ স্থানীয় জামায়ত এবং ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, কৃষকদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ দেওয়া হবে এবং আধুনিক প্রযুক্তি প্রদানের মাধ্যমে ফসলের উৎপাদন তিন গুণ বৃদ্ধি করা হবে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং পচে যাওয়ার ভয়ে কম দামে বিক্রি রোধ করতে বিভিন্ন স্থানে ফসল সংরক্ষণের ব্যবস্থা বা হিমাগার গড়ে তোলা হবে ।

জামায়াত আমির বলেন,  উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বেকারত্বের অবসান ঘটানোর পরিকল্পনা রয়েছে। যাতে যুবকদের কাজের খোঁজে ঢাকায় গিয়ে কষ্ট করতে না হয়। জাপান, ভিয়েতনাম বা চীনের মতো বাংলাদেশের প্রত্যেকটি ঘরকে একেকটি ইন্ডাস্ট্রিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডা.শফিকুর রহমান বলেন, যুবকদের বেকার ভাতা দেওয়ার পরিবর্তে তাদের হাতে সম্মানের কাজ তুলে দেওয়া হবে। কারণ বেকার ভাতা মানে  ‘অপমানের চাবি’। দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে চাকরিতে প্রবেশের আগ পর্যন্ত প্রশিক্ষণ চলাকালীন ছাত্র-ছাত্রীদের সরকারি কোষাগার থেকে মাসিক আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।

দেশের উন্নয়নে নারী ও পুরুষ উভয়ের সম্মিলিত অংশগ্রহণের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, মা-বোনদের জন্য নিরাপদ আবাসন, যাতায়াত এবং কর্মস্থল নিশ্চিত করা হবে। যাতে তারা সম্মানের সাথে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। এছাড়া সমাজে কোনো বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

এ সময় ঠাকুরগাঁও ১ আসনে দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আসনে মাওলানা আব্দুল হাকিম ও ঠাকুরগাঁও ৩ আসনে মিজানুর রহমানের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। তাদেরকে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর