ভোট ও নিরাপত্তা নিয়ে ৬ প্রশ্ন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশি কূটনীতিকদের জন্য রবিবার (২৫ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ সময় নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে ছয় দেশের রাষ্ট্রদূত নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে ইসিকে প্রশ্ন করেন।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চান, নির্বাচনের সময়ে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি বিঘ্নিত হয়, তাহলে তা মোকাবিলার প্রক্রিয়া কী হবে। পাশাপাশি তিনি জানতে চান, এই নির্বাচনে কত শতাংশ ভোটার অংশগ্রহণের আশা করা হচ্ছে।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে বিস্তারিত জানতে চান। তিনি জানতে চান, সারা দেশে কয়েক লাখ নিরাপত্তা কর্মী মোতায়েনের সময় সংখ্যা নির্ধারণের ভিত্তি কী হবে এবং মাঠ পর্যায়ে প্রতিটি ইউনিটির নেতৃত্ব কিভাবে পরিচালিত হবে। এছাড়া তিনি প্রশ্ন করেন, গণভোট ও সংসদ নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের দুটি ব্যালটের পরিবর্তে একটি ব্যালট ব্যবহার করা সম্ভব কি না।

কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের প্রশ্ন ছিল নির্বাচনের পর কতদিন আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবেন এবং নিরাপত্তাজনিত কোনো পরিস্থিতিতে নারী ও শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটারদের নিরাপদে সরানোর পরিকল্পনা কী।

নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসন গণভোটের ফলাফল নির্ধারণ প্রক্রিয়া জানতে চেয়েছেন, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে নাকি নির্দিষ্ট কোনো হারের ওপর। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ফলাফল প্রকাশের পদ্ধতি জানতে আগ্রহী ছিলেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি নারী প্রার্থীর সংখ্যা কম থাকাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন এবং প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবহারের প্রক্রিয়া নিয়ে ইসির ভাবনা জানতে চেয়েছেন।

সংবাদ সম্মেলনের পরে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা প্রধান গণমাধ্যমকে জানান, সরকারের নির্বাচনি উদ্যোগে তারা সন্তুষ্ট।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন