নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা তিন দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সাধারণ সরকারি ছুটি এবং এর আগের দিন ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ. বি. এম আবু বাকার ছিদ্দিক।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং ব্যবসা বণ্টন সংক্রান্ত বিধিমালার ক্ষমতাবলে নির্বাচনকালীন নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারাদেশে সরকারি ছুটি কার্যকর থাকবে।

এই ছুটি সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ ছুটির আওতায় থাকবেন।

এ ছাড়া ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই ছুটির ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ভোটার ও সংশ্লিষ্ট সবাই নির্বিঘ্নে তাদের দায়িত্ব ও অধিকার পালন করতে পারেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন