‘আ.লীগবিহীন নির্বাচন জমে উঠছে না’, বিএনপি নেতার পোস্ট ভাইরাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ এএম

সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক ও প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আকবর হোসাইনের দুটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।

মঙ্গল ও বুধবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেবুকে এ পোস্ট দেন।

প্রথম পোস্টে তিনি বলেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’

আরেকটি পোস্টে আকবর হোসাইন বলেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব…দিয়ে রাজনীতি চলবে না।’

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক ও প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসাইন বলেন, ‘আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলেরই রাজনীতি নিষিদ্ধ হোক, এটা চাই না। বর্তমানে দেশের যে চলমান রাজনীতি, এই রাজনীতিটা যারা করতেছে বিএনপির পরে, তারা প্রপার ওয়েতে রাজনীতিটা করতে পারতেছে না।’

আকবর হোসাইন ব্যাখ্যা করে বলেন, ‘দেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। আমার পোস্টের অর্থ হলো, বাংলাদেশে রাজনীতি করতে হলে আরেকটা শক্তিশালী বিরোধী দল লাগবে। বর্তমানে যারা আছে, তারা সঠিক ওয়েতে রাজনীতিটা করতে পারছে না। সে ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হচ্ছে আওয়ামী লীগ।’

তিনি আরও জানান, ‘আওয়ামী লীগ আমলে যারা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত, দণ্ডিত বা অপরাধে জড়িত, তাদের বিচারের আওতায় এনে বৃহৎ একটি জনগোষ্ঠীর রাজনৈতিক পুনর্বাসনের কথাই তিনি বোঝাতে চেয়েছেন।’

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আকবর হোসাইন কী পোস্ট দিয়েছেন তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন