ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি এই মন্তব্য করেন।
সভায় ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সকল কার্যক্রমকে খোলামেলা এবং পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। তিনি আরও জানান, ‘নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডে কোনো লুকাছাপা চলবে না। আমাদের দায়িত্ব সীমাবদ্ধ—নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা, পছন্দ-অপছন্দের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকা।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমি যখন পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি, তখন শতভাগ দায়িত্বশীল হতে হবে। কোনো প্রার্থীকে ছোট বা বড়, হেভি ওয়েট বা লাইট ওয়েট বলে আলাদা আচরণ করা হবে না। আইন প্রয়োগের ক্ষেত্রে সকলকে সমানভাবে সমাদর করা হবে।’
তিনি নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘নির্দেশনা অমান্য করলে বা পক্ষপাতিত্ব প্রমাণিত হলে তার ফলাফল খুব কঠোর হবে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোন ছাড় দেবে না।’
আইনশৃঙ্খলাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দৃঢ় ও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধুমাত্র বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করে কাজ করতে হবে যাতে কেউ সুযোগ নিতে না পারে।’
সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন পুলিশ সুপারসহ জেলা আইনশৃঙ্খলা ও নির্বাচনী কর্মকর্তা বৃন্দ।
