আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং উদ্বোধন করলেন তিন বাহিনী প্রধান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইং-এর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়।

নতুন ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের উদ্বোধন কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ক্যাম্পাসটি গবেষণা, পেশাগত আলোচনা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল উপলব্ধি উন্নয়নে সহায়ক একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানের একসাথে উপস্থিতি যৌথতা, আন্তঃকার্যক্ষমতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে। এই অনুষ্ঠান পেশাগত উন্নয়ন, আধুনিক সামরিক শিক্ষা ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান শক্তিশালীকরণে সশস্ত্র বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়াটার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, অনুষদ সদস্য ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর