তফসিলের পর ২৭৪ সহিংস ঘটনার তথ্য দিল প্রেস উইং

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে ২৭৪টি সহিংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সহিংস ঘটনার পরিসংখ্যান তুলে ধরা হয়।

এতে দেখা যায়, তফসিল ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ জন, ভয় দেখানোর ঘটনা ঘটেছে ১৬টি, প্রার্থীর ওপর হামলা হয়েছে ১৫টি। অবৈধ অস্ত্রের ব্যবহারের তিনটি ঘটনা, হুমকি প্রদর্শনের ৯টি, প্রচার কাজে বাধাদানের ২৯টি ঘটনাও রেকর্ড করা হয়েছে।



নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ২০টি ঘটনা ঘটেছে। এছাড়া অবরোধ ও বিক্ষোভের ১৭টি ঘটনা, সংখ্যালঘুদের উপর আক্রমণের ১টি ঘটনা এবং অন্যান্য ৭০টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে প্রেস উইংয়ের তথ্যে।

প্রেস উইংয়ের পরিসংখ্যানে এবারের নির্বাচনের সহিংসতার ঘটনাকে আগের তিনটি সংসদ নির্বাচনের সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে দেখা যায়, দশম সংসদ নির্বাচনে ৫৩০টি, একাদশ নির্বাচনে ৪১৪টি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটেছিল। অর্থাৎ এবারের নির্বাচনে সহিংসতার সংখ্যা পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় কম।

উল্লেখ্য, এর আগে সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক প্রতিবেদনে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর