গণভোটে ‘না’ বিজয়ী হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে: মাওলানা এটিএম মাছুম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ এএম

গণভোটে ‘না’ বিজয়ী হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা পূর্বধলা উপজেলার জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এটিএম মাছুম বলেন, এবারের নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটকে আমাদের বিজয়ী করতে হবে। যদি ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয় তাহলে বাংলাদেশ বাঁচবে। আর যদি ‘না’ ভোট বিজয়ী হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এ ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং, ১২ তারিখ আমাদের দুটো দায়িত্ব। একটা হচ্ছে হ্যাঁ ভোটকে বিজয়ী করা। আরেকটা দায়িত্ব হচ্ছে ১১ জোটের প্রতীক দাঁড়িপাল্লাসহ যে প্রতীক যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সে প্রতীককে বিজয়ী করা।

এ সময় ১১ দলকে ক্ষমতায় আনতে সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে একটি দল দেশের জনগণকে কার্ডের লোভ দেখাচ্ছে, এই কার্ড মানে একটা ভিক্ষার কার্ড। আমরা আমাদের যুবকদেরকে ভিক্ষুক বানাবো না, আমরা তাদের দক্ষ করে গড়ে তুলবো ও তাদের কর্মের ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে দেখতে পেরেছি। যারা অন্যায়, জুলুম, অত্যাচার, হামলা-মামলা, গুম-খুন, নির্যাতন-লুটপাটের মধ্য দিয়ে এ বাংলাদেশটাকে অন্ধকার দেশ হিসেবে, অন্ধকার যুগ হিসেবে পরিগণিত করেছে। এত পরিমান জুলুম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে যে বাংলাদেশ আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারকেও হার মানিয়েছে। শেখ হাসিনার সময় পল্টন মোড়ে আমাদের ভাইদেরকে লগি-বইটা দিয়ে পিটিয়ে হত্যা করে, লাশের উপরে নৃত্য করেছিল তারা। সুতরাং এই শেখ হাসিনার শেষ হলো মনটা আইয়ামে জাহেলিয়াতের চেয়ে আরো জঘন্য ছিল।

এটিএম মাছুম বলেন, পাঞ্জাবিদেরকে আমরা দোষারোপ করি, বাংলাদেশের মা বোনদেরকে অত্যাচার করেছে, লুটপাট করেছে। কিন্তু আমি বলতে চাই শেখ হাসিনার ১৫ বছর পাঞ্জাবীদের কেউ হার মানিয়েছে। এভাবে তারা লুটপাট করেছে, বিভিন্নভাবে দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়ে পড়েছিল। হাজার হাজার আলেম-ওলামা, ইসলামী ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বছরকে বছর জেলখানায় অবর্ণনীয় জুলুম নির্যাতন করা হয়েছে। তখন অবস্থাটা এমন ছিল ওই ছোট জেলখানাটা নিরাপদ। গোটা বাংলাদেশ যে জেলখানাটা ছিল সবচেয়ে বেশি ভয়ংকর। রাস্তাঘাটে কোথাও স্বস্তি নিয়ে মানুষ চলাফেরা করতে পারেনি। এই ধরনের একটি বর্বর যুগ, এই ধরনের অন্ধকার যুগ, এই ধরনের একটি জুলুমের যুগ, এই ধরনের একটি খুন-খারাবি লুটপাটের যুগ আমরা পার করে এসেছি ।

নারীদের প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, আমরা এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করব যেখানে যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে না। নারীদের উপর কেউ ইভটিজিং করতে পারবেনা, স্বামী তাদের উপর নির্যাতন করতে পারবে না, তাদের সম্পদ দখল করতে পারবে না, মিরাজ থেকে তাদের বঞ্চিত করতে পারবেনা। নারীদের শিক্ষা-দীক্ষা উন্নয়ন কর্মকান্ড এগুলোতে আমরা তাদেরকে শামিল করবো। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিমদের উপরে কেউ কোনো জুলুম করতে পারবে না বলেও জানান এটিএম মাছুম।

পূর্বধলা উপজেলা জামায়াতে সভাপতি মাহফুজুল হক খানের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাজসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোণা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির মাওলানা ছাদিক আহমাদ হারিছসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন