ন্যাপের নির্বাচনী মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ নেতারা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর চেয়ারম্যান জেবেল রহমান গাণির নির্বাচনী মিছিল ও পথসভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার উপস্থিতি দেখা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা উপজেলায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত “গাভী মার্কা”র নির্বাচনী প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের প্রকাশ্যে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে।

খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলে যাদের দেখা গেছে তাদের মধ্যে রয়েছেন ডিমলা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক শৈলেন চন্দ্র রায়। তিনি ছাত্রজীবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডিমলা উপজেলা শাখার সভাপতি ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী যুবলীগের ডিমলা উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। গাভী মার্কার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী মিছিলে শেষে পথসভায় সমাপনী বক্তব্য দেন তিনি।

এছাড়া একই মিছিলে উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টেপাখড়িবাড়ী ইউনিয়নের নেতা ও ইউপি সদস্য গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক লীগের ডিমলা উপজেলা নেতা শাহ আলম ও আব্দুল মালেক, এবং গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিনসহ আরও কয়েকজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

স্থানীয়রা বলছেন, একদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ, অন্যদিকে তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে ভিন্ন দলের নির্বাচনী কর্মসূচিতে অংশ নেওয়ায় নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ জানান যুবলীগ নেতা শৈলেন চন্দ্র রায়কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে শৈলেন চন্দ্র রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ন্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন