বাউলশিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশের দর্শন এবং শিল্পচর্চা শত বছর ধরে হাতে হাত রেখে চলেছে। আমাদের এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনাবোধের পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ করেছে গান রচনার মধ্য দিয়ে। এই দেশের চিন্তার ঐতিহ্য তাই কোনো দর্শনের বইয়ে না খুঁজে খুঁজতে হয় আমাদের গানে। লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ আরও অগণিত ভাবুক বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।     

তিনি বলেন, সুনীল কর্মকার জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীত ও ভাবসাধক। তার সান্নিধ্যে আসার সুযোগ হয় আজ থেকে বহু বছর আগে। তখনই তার কণ্ঠে জালাল খাঁর গান আমাকে অনুপ্রাণিত করে। গান গাওয়ার পাশাপাশি বেহালা, দোতারাসহ একাধিক বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী ছিলেন।

উপদেষ্টা বলেন, গুণী এই শিল্পীর অসুস্থতার খবর পাওয়া মাত্রই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্রুত তার পাশে দাঁড়ায়।


মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক স্ক্রিন শট

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, আজ ঘুম ভাঙার পরই পাওয়া এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে বেদনার্ত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার শান্তি কামনা করি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন