বিতর্কিত প্রতিষ্ঠানের বডিওর্ন ক্যামেরায় নির্বাচন!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের গড়ে তোলা প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে কেনা হয়েছে বডিওর্ন ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ। তবে ক্যামেরা যথাযথভাবে কাজ না করলে নির্বাচনী কার্যক্রমে সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

স্মার্ট টেকনোলজিস ছাড়াও দাহুয়া, টিডিটেক, কেডাকম ও অকজন নামের প্রতিষ্ঠানগুলো বডি ক্যামেরা সরবরাহের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল। তবে ক্যামেরা ক্রয়ের বিষয়টি স্বীকার করেনি দাহুয়া কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তরের টেলিকম বিভাগ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে নারাজ।

গত বছরের আগস্টে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে ক্রয় বাবদ ২৬৯ কোটি টাকা বরাদ্দের কথা বলা হলেও প্রকৃত ব্যয় সম্পর্কে স্পষ্ট তথ্য দেয়নি পুলিশ সদর দপ্তর। ইউএনডিপির মাধ্যমে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা থাকলেও বাস্তবে স্মার্ট টেকনোলজিস থেকে সরাসরি বডি ক্যামেরা ক্রয় করার অভিযোগ উঠেছে।

এদিকে, পুলিশের অভ্যন্তরেই সমালোচনা শোনা যাচ্ছে এই ক্রয় নিয়ে। বিশেষজ্ঞ রেজাউল করিম সোহাগ বলছেন, নির্বাচনের সময় ক্যামেরা যথাযথভাবে কাজ না করলে পুলিশ বড় সমস্যায় পড়তে পারে।

পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ক্যামেরাগুলো ইতিমধ্যে পুলিশের কাছে পৌঁছে গেছে। এর বাইরে আর কিছু জানা নেই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর