খালেদা জিয়ার কথা স্মরণ করে কাঁদলেন ডা. জাহিদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ এএম

ধানের শীষ প্রতীকে নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে কাঁদলেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। গত শুক্রবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা নিজ গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

ডা. জাহিদ বলেন, ‘আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর-উত্তমকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বেহেশত নসিব করুক।’ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে বলে ডা. জাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় সুশাসন থাকবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং উন্নয়ন, অগ্রগতি হবে বৈষম্যহীনভাবে। বেকার যুবকরা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে।’

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সব পর্যায়ের ভোটাররা যে স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটে তাদের যে অধিকার সেটা প্রয়োগ করার সুযোগ পেয়েছে দীর্ঘ ১৮ বছর পরে, সে জন্য আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। মতবিনিময়সভায় চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন