সেপটিক ট্যাংকি থেকে নিখোঁজ শিশু সুমাইয়ার মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত একটি টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে সুমাইয়া তাবাসসুম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুমাইয়া তাবাসসুম প্রবাসী ছালেহ্ আহমেদের দ্বিতীয় মেয়ে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে সুমাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজার পর রাত ৮টার দিকে পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে শিশুটিকে দেখতে পান তারা। পরে প্রতিবেশীদের সহায়তায় সুমাইয়াকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, সেপটিক ট্যাংকিতে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি বাড়ির পাশে একা ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এ ঘটনায় নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন