রাজধানীর কদমতলী রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত ওই নেতার নাম মো. জানভীর ইব্রাহিম (২২)। তিনি কদমতলি থানার এনসিপির ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম-আহবায়ক। জানভীরের সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীরের বাসা শনিরআখড়া গোয়ালবাড়ি মোড়ে। সে কদমতলী থানার এনসিপির ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিভার্সিটির সম্মান প্রথম বর্ষের ছাত্র।
তিনি আরও জানান, জানভীর রায়েরবাগে তার আপার বাসায় গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ডে আসে। এ সময় অন্ধকারের মধ্যে ৩ থেকে ৪ জন পেছন থেকে জানভীরের ডান কাঁধের পেছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত জানভীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান কাঁধে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।
