গাইবান্ধায় ইউএনও’র গোপন ভিডিও ধারণ, প্রধান শিক্ষিকা আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ এএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষিকাকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে গোপনে ভিডিও ধারণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক উম্মে মাহাবুবা সোমা উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। জানা যায়, বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা খানম ও তাঁর স্বামী হাসানুর রহমান। ইউএনও’র সঙ্গে সাক্ষাৎকালে উভয়ের আলাপচারিতা মোবাইল গোপনে রেকর্ড করছিলেন এ দম্পতি। তখন ইউএনএ বিষয়টি টের পেয়ে যান। এ সময় ইউএনও ওই শিক্ষকের মোবাইল ফোনটি তাৎক্ষণিক জব্দ করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় জিডি করাসহ তার মোবাইল ফোনটি জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন