অপতথ্য গুজব নিয়ে নতুন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারা পৃথিবীব্যাপী এটা নতুন চ্যালেঞ্জ হিসেবে আভির্ভুত হয়েছে। আমাদের ভেবে চিন্তে পথ চলতে হচ্ছে। প্রযুক্তির ক্ষমতার কারণে একদিনে ক্ষমতায়ন হয়েছে অন্যদিকে কিছু সমস্যা হয়েছে যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে। গণমাধ্যমের লক্ষ যেটি মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার যে বিধিমালা সে আলোকে এই সমাধান করবো।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমি একজন নির্যাতিত রাজনীতিবিদ। নির্যাতনের পথ পেরিয়েই আপনাদের সামনে মন্ত্রী হিসেবে কথা বলছি। আমি জানি ভয়ের মধ্যে যারা বাস করে তা কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় কাজ করেন তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয়। এ সমস্যাটা আমরা জানি।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা তার মধ্যে গণমাধ্যম বিষয়ে পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ আমরা একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো।
