পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে এলাকায় ফিরে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গত শুক্রবার সড়কপথে ঈশ্বরদীতে ফেরার সময় মুলাডুলি ও আলহাজ্ব মোড় এলাকায় দলীয় নেতাকর্মীরা তাঁকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালেব মণ্ডল বলেন, ‘আমরা সরকার গঠন করতে না পারলেও একটি চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কাজ করে যাব। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ঈশ্বরদী ও আটঘরিয়াতে চাঁদাবাজ দমনে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তিনি আরও জানান, শপথ নেওয়ার পরপরই তিনি রেল মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন এবং ঈশ্বরদীর দীর্ঘদিনের রেলগেট সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবু তালেব মণ্ডল বলেন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন না হলে আজ নির্বাচনের সুযোগ তৈরি হতো না। এই প্রেক্ষাপটে ‘সংবিধান সংস্কার পরিষদ’ বাস্তবায়নে বিএনপির শপথ না নেওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন এবং একে শহীদদের প্রতি অবজ্ঞা হিসেবে উল্লেখ করে বিএনপিকে দ্রুত শপথ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সদস্য মাওলানা গোলাম রব্বানি খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
