চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আব্দুল মজিদ (৫৫) নামে এক যুবদলকর্মী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।

তিনি জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইফতারের উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাট বাজারে মৃত আব্দুল মুনাফের ছেলে আব্দুল মজিদ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। শীঘ্রই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিহতের ভাই আব্দুল আজিজ বলেন, আমার ভাই পেশায় একজন ঘটক ছিলেন। একটি বিষয়কে কেন্দ্র করে গত দুই দিন ধরে স্থানীয় কয়েকজনের সাথে বিরোধ চলছিল। বুধবার ইফতারের পর একই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাকে গুলি করা হয়। আমার ভাই স্থানীয় যুবদলের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তার কোনো পদ-পদবি ছিল না।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইফতার শেষে বাড়ি থেকে প্রায় দুইশ মিটার দূরের অলিমিয়া হাট বাজারে একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুল মজিদ। এ সময় তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর