এবারের একুশে বইমেলা ১৭ দিন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। মোট ১৭ দিনব্যাপী এ বছরের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

তিনি জানান, ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৪৯টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে ৪৬৮টি প্রতিষ্ঠান। মোট ইউনিট সংখ্যা ১০১৮টি। গত বছর প্রতিষ্ঠান ছিল ৭০৮টি এবং ইউনিট ছিল ১০৮৪টি।

লিটল ম্যাগাজিন চত্বরের অবস্থান নির্ধারণ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। অপরদিকে শিশুচত্বরে মোট প্রতিষ্ঠান রয়েছে ৬৩টি এবং ইউনিট সংখ্যা ১০৭টি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর