দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মাথায় দেশের শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকতে পারবেন না। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও জানান, দায়িত্বে অবহেলা বা অনিয়মের ঘটনা গণমাধ্যমে এলে কিংবা সরাসরি অভিযোগ পাওয়া গেলে প্রমাণ সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী ক্ষমতাচ্যুত সরকারের শিক্ষানীতির সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ না দিয়ে শুধু অবকাঠামো নির্মাণের নামে দুর্নীতি করেছে। ফলে শিক্ষার মানোন্নয়নে তারা কোনো ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
