ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ মার্চ ২০২৬, ০৬:১৩ পিএম

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত। 

রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, বৈঠকে ভিসা কার্যক্রম, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর হাইকমিশনারের এই সাক্ষাৎ ছিল একটি রুটিন সৌজন্য সাক্ষাৎ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও নিরাপত্তার মতো বিষয়ে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভিসা কার্যক্রম প্রসঙ্গে ভারতীয় পক্ষের বক্তব্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলোতে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে তারা পূর্ণাঙ্গ সক্ষমতায় কাজ করতে পারেনি। তবে তারা আমাদের আশ্বাস দিয়েছে যে ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করা হবে।

পর্যটক ভিসা আলাদাভাবে চালু করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলাদাভাবে কোনো কথা হয়নি।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সহযোগিতা চায়। আমরা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চাই। কূটনৈতিক, বাণিজ্যিক ও সব ক্ষেত্রে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশা করি, যোগ করেন তিনি।

দুই দেশের অমীমাংসিত সমস্যা সমাধানে নিরবচ্ছিন্ন আলোচনার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধারাবাহিক আলোচনার মাধ্যমেই অনেক সমস্যার সমাধান সম্ভব।

বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি সীমান্ত হত্যার বিষয়টি তুলেছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার কথা আর শুনতে না হয়। আমরা চাই বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক হোক, যাতে এ ধরনের ঘটনা যতটা সম্ভব এড়ানো যায়।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর