তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজের ১২ দিন পর খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনকে পাওয়া গেছে। গত মঙ্গলবার ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
বুধবার সকালে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। রাতে খুলনা মহানগর পুলিশের একটি দল ঢাকায় গিয়েছেন। সুজন বর্তমানে ঢাকার বাসভবনে বিশ্রামে রয়েছেন।
কীভাবে তিনি ফরিদপুর গেলেন, কারা তাকে ঢাকায় হাসপাতালে নিয়ে গেল জানা যায়নি। পুরো ঘটনাকে রহস্যজনক বলছে পুলিশ।
সুজনের বাবা কাজী আব্দুস সোবহান জানান, রাতে ভাঙ্গা থেকে এক ব্যক্তি ফোন করে জানায় তাকে পাওয়া গেলে। তারাই তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ঢাকার বাড়িতে ঘুমাচ্ছেন।
সুজন নিখোঁজের তদন্তের দায়িত্বে থাকা খুলনা সদর থানার এস আই জুয়েল রানা মোল্লা বলেন, সংবাদ পেয়ে আমরা ঢাকায় এসেছি। কিন্তু তার সঙ্গে এখনও কথা বলা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা তার উদ্ধারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
গত ২১ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় জিডি করেন সুজনের বাবা কাজী আবদুস সোবহান। ২৫ ফেব্রুয়ারি তিনি সংবাদ সম্মেলন করে ছেলেকে উদ্ধারের দাবি জানান। ছেলেকে উদ্ধারের দাবিতে ৩ মার্চ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় তার পরিবার।
খুলনা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, শুরু থেকেই পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। তাকে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্যাবসায়িক কোনো কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন কি-না তা নিয়েও তদন্ত চলছিল। তিনি সুস্থ হলে সব জানা যাবে।
