অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সাংবাদিকদের নিজের পদত্যাগের কথা জানান কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজী।
দুদক চেয়ারম্যান ড. এম এ মোমেন ও আরেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ কোনো কথা না বললেও পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
এর আগে, আজ সকালে যথাসময়ে অফিসে এসে চেয়ারম্যান ও কমিশনাররা কর্মকর্তাদের সিনিয়রিটিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইলে সই-স্বাক্ষর সম্পন্ন করেছেন।
তখন পদত্যাগের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ড. এম এ মোমেন গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কথা বলতে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছি। সেখানে কথাবার্তা বলে দেখি। যদি সিদ্ধান্ত নিতে হয়, তবে কমিশনে ফিরে এসে পদত্যাগ করবো। এর বেশি এখন কিছু বলতে পারছি না।
