ঢাকা–চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশী প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মানবিক দিক বিবেচনা করে আজ ৪ মার্চ (বুধবার) ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বেসরকারি এই বিমান সংস্থাটি।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। এরপর চট্টগ্রাম হয়ে রাত ৮টা ২০ মিনিটে আবুধাবীর উদ্দেশ্যে যাত্রা করবে। ফিরতি ফ্লাইটটি আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে জাতীয় পতাকাবাহী সংস্থা ‌‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর ২৮ জন ক্রু আটকে আছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ তাদের বিশেষ ফ্লাইট বিএস-৩৪২ (দুবাই-ঢাকা) এর মাধ্যমে ওই ক্রু সদস্যদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে, যা একটি অনন্য মানবিক দৃষ্টান্ত।

সংযুক্ত আরব আমিরাতে বর্তমান পরিস্থিতির কারণে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা শেষের পথে। ইউএস-বাংলা জানিয়েছে, যেসব যাত্রীদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। আবুধাবী এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইউএস-বাংলা ও ইতিহাদসহ সীমিত কিছু এয়ারলাইন্সকে এই অনুমতি প্রদান করেছে।

বিশেষ এই ফ্লাইটের টিকেট বুকিংয়ের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের যেকোনো ইউএস-বাংলা সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে কল করা যাবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন