বাংলাদেশ কারও অধীনে নয়, চলবে নিজের ইচ্ছায়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কারও কথার অধীনে থাকবে না। তিনি বলেন, বাংলাদেশ তার নিজের ইচ্ছায় চলবে।

সোমবার (৯ মার্চ) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফ্যাসিবাদী আমলে পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় প্রতিশ্রুতি এটিই। তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, সবার সঙ্গে বাংলাদেশ।

পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা-এগুলো সবচেয়ে বড় নীতি বলেন পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, এই নীতিগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ফিচার ছিল। সেই সময় আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করেছিলাম। সেটা ছিল আমাদের পররাষ্ট্রনীতির সোনালি সময়। আমরা সেই জায়গাতে ফিরে যাচ্ছি।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় চার বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন