ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাতে ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক ব্যক্তিরা হলেন—নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত। ঘটনার দিন সকালে পানির ট্যাংক ব্যবহারকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় রফিকুল ইসলাম ও তার ছেলে ইব্রাহিম খলিল মিলে বাঁশের লাঠি দিয়ে হোসেন আলীকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় ছেলে ও নাতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



