চার দিনের সরকারি সফরে আজ (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম পাবনা সফর। রাষ্ট্রপতির এ সফর কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী আজ দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাতযাপন করবেন।
পরে আগমাীকাল রবিবার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে এরই মধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে।
