জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে অপপ্রচার চালানো হচ্ছে। এসব পেজের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শুক্রবার (২৭ মার্চ) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজ বা গ্রুপসহ কিছু পেজ ও গ্রুপে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। এসব পেজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এসব পেজ বা গ্রুপের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যে কোনো ফেসবুক পেজ বা গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত।
সচিবালয় জনগণের কাছে অনুরোধ জানিয়েছে, উল্লিখিত ফেইক ফেসবুক পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং এসব পেজ বা গ্রুপে যুক্ত হওয়া অথবা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি বা তারা এর জন্য দায়ী থাকবেন। অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
