বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১১:২২ পিএম

নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীতের সঙ্গে বাউয়েটের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এ সময় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন যথাক্রমে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি (অবঃ)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায়, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন