মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে আজ। জানা গেছে আজ মঙ্গলবার (৩১মার্চ) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সোমবার(৩০মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার আর এপ্রিলে আসছে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল। তাই এ নিয়ে এপ্রিলেও সংকট হবে না। অকটেন-পেট্রলের ব্যবহার খুবই কম বলে দাবি করেন এই কর্মকর্তা। জ্বালানি বিভাগের দাবি, দেশের মোট চাহিদার ৬৩ শতাংশ ডিজেল। কৃষিতে সেচ ও গণপরিবহণে ব্যবহৃত হয় এই জ্বালানি। তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো, অনলাইন ক্লাসের মতো জ্বালানি সাশ্রয়ী নানা কর্মসূচি নিয়ে গভীরভাবে ভাবছে সরকার।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই। সোমবার (৩০মার্চ) বিকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সঙ্গে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে উনি বসেছেন। এ ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ্, আমরা সফল হব। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, তাদের মধ্যে দুজনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে৷ পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে সরকার।
