হাদি হত্যাকারীদের ফেরাতে চিঠি, সাড়া দেয়নি ভারত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

ভারতে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে হস্তান্তরের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানা গেছে।

এর আগে, রবিবার (২২ মার্চ) দুপুরে শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যোগাযোগ করছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, হাদি হত্যা মামলাটি এখন সিআইডি দেখভাল করছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।

তবে এক সূত্রে জানা গেছে, এই মামলার গুরুত্বপূর্ণ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা এখনও ‘কনস্যুলার অ্যাক্সেস’ পায়নি।

এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর