যুদ্ধবিরতিতে হরমুজ পাড়ি দিতে নোঙর তুলল ‘বাংলার জয়যাত্রা’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

যুদ্ধবিরতির পর পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশে নোঙর তুলে যাত্রা শুরু করেছে। 

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়।

ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’। তবে বুধবার ভোরে যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তোলে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছে।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান বলেন, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে আমরা দাম্মাম বন্দরের বহির্নোঙরে ছিলাম। যুদ্ধবিরতির পর এখন নোঙর তোলা হয়েছে। হরমুজের দিকে যাচ্ছি। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে। তিনি আরও জানান, হরমুজ থেকে ৪২৫ নটিক্যাল মাইল দূরে রয়েছেন তাঁরা। হরমুজ পার হতে আরও অন্তত দুই দিন (৪০ ঘণ্টা) সময় লাগবে।

বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে আগের অবস্থানে ফিরে যেতে হয় জাহাজটিকে। যুদ্ধবিরতির পর এখন আবার যাত্রা শুরু করল জাহাজটি।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর