জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর সরকার: চট্টগ্রাম বন্দরে এলপিজি ও এলএনজিবাহী জাহাজের ভিড়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

বৈশ্বিক জ্বালানি সংকট কাটাতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে আসা শুরু করেছে এলপিজি ও এলএনজিবাহী একের পর এক জাহাজ। ইতিমধ্যে দুটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে এবং আগামী কয়েক দিনে আরও অন্তত চারটি বড় জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিষয়টি জানান চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস ক্যারেজ’ নামে দুটি জাহাজ বহির্নোঙরে এসে পৌঁছেছে। বর্তমানে জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরের ‘চার্লি’ ও ‘ব্রাবো’ পয়েন্টে অবস্থান করছে।

আমদানির এই ধারা বজায় রাখতে আজ (রবিবার) যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’ নামের একটি জাহাজের। এছাড়া আগামীকাল সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’। আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে ‘মারান গ্যাস হাইড্রা’র। এরপর ১৮ এপ্রিল আসবে এলএনজিবাহী আরেকটি জাহাজ ‘লবিটো’।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব থেকে দেশের বাজার সুরক্ষিত রাখতে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকার বিভিন্ন দেশ থেকে দ্রুততার সাথে এই তেল ও গ্যাস আমদানির প্রক্রিয়া সম্পন্ন করছে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর