লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম

লেবাননে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে। শান্তি উদ্যোগটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অংশ নিতে উভয় দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে যাচ্ছেন। সেখানে আনুষ্ঠানিকভাবে আলোচনার টেবিলে বসবে দুই পক্ষ। গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই ইসরায়েল লেবাননে পাল্টা হামলা শুরু করে। এতে করে লেবাননও সরাসরি সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে এ পর্যন্ত লেবাননে দুই হাজারেরও বেশি মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত এবং বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও আলোচনায় অংশ নেবেন।

তবে এই শান্তি উদ্যোগ থেকে কোনো চূড়ান্ত চুক্তি বেরিয়ে আসার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। হিজবুল্লাহ ইতোমধ্যে সোমবার এই আলোচনাকে ‘নিরর্থক’ বলে অভিহিত করেছে।

অন্যদিকে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র অবস্থায় দেখতে চায়—এ অবস্থানকে যুক্তরাষ্ট্রও সমর্থন করে।

তবে হিজবুল্লাহ ধারাবাহিকভাবে নিজেদের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের মতে, এ ধরনের শর্ত লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন অব্যাহত রাখার পথ তৈরি করতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার ওয়াশিংটনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় মার্কিন পররাষ্ট্রদপ্তরে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ মাওয়াদ আলোচনায় বসবেন।

কয়েক দশক পর দু’পক্ষে এটিই হবে প্রথম সরাসরি আলোচনা। এর আগে সর্বশেষ দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছিল ১৯৯৩ সালে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর