প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারের কুরুচিপূর্ণ ভাষা ও ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রতিবাদে তার নিজ জন্মভূমি খুলনার কয়রা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় কয়রা উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারের এমন বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং তা দেশের সর্বোচ্চ নেতৃত্বকে অবমাননার শামিল। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তার গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ ছাড়া বক্তারা ভবিষ্যতে কেউ এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তার বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, যুবদলের সদস্যসচিব মোতাসিম বিল্লাহ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সম্পাদক মাহমুদ হাসান ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
