‘দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে সরকার’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

আজ সোমবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদন খাতকে বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকার দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীতে দেশি-বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমে বন্ধ থাকা মিল চালু করতে চাচ্ছে সরকার। তাই মন্ত্রণালয় আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে।

বস্ত্র ওপাট প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত যারা মিল লিজ নিয়েছেন, সেখানে অনেক পরিমাণে জমি পড়ে আছে, অব্যবহৃত জমিতে বেশি করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের সঙ্গে কর্মসংস্থান বাড়াতে হবে। এতে দেশে উৎপাদন খাত শক্তিশালী হবে- যা অর্থনীতির জন্য সহায়ক হবে।

এ সময় আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাটশিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া বন্ধ মিল চালু করার টেন্ডার প্রক্রিয়ারও ইতিবাচক মতো জানান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন