মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:০৬ এএম

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়/ ছবি: টিভিকে
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন ৫১ বছর বয়সী এই নেতা।

গত শনিবার রাজ্যপালের কাছে দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, টিভিকের নিজস্ব বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের পাঁচজন, ভিসিকের দুইজন, সিপিআইর দুইজন, সিপিআইএমের দুইজন এবং আইইউএমএলের দুইজন বিধায়ক তাকে সমর্থন দিচ্ছেন। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে বর্তমানে এই জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনভার এমন কোনো দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান দুই দ্রাবিড় শিবিরের সদস্য নয়। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক ‘নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করছেন। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় এখন রাজ্য পরিচালনায় তাঁর নতুন মন্ত্রিসভা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

এনডিটিভি



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর