দেবীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ঘাতক ট্রাকে আগুন ও সড়ক অবরোধ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:৪৯ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক চাপায় পাপরী রানী রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় দেড় ঘণ্টা এশিয়ান মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপরী রানী রায় একই এলাকার সেবেন রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেবেন রায় সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুট্টা শুকাতে দেন। স্কুল ছুটির পর পাপরী তার বাবার সঙ্গে দেখা করতে সেখানে যায়। একপর্যায়ে ভুট্টা শুকানোর স্থানের পাশে খেলতে খেলতে মহাসড়কে উঠে গেলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন