নতুন মামলায় গ্রেপ্তার সাবেক বিচারপতি খায়রুল হক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:৪৯ এএম

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় খোবাইব নামে ২০ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আজ শনিবার তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। এর আগে সাতটি মামলায় জামিন পেলেও নতুন করে গ্রেপ্তার দেখানোর ফলে সহসাই মুক্তি মিলছে না ৮২ বছর বয়সী সাবেক এই বিচারপতির।

আজ খোবাইব হত্যা মামলার শুনানির জন্য এ বি এম খায়রুল হককে হুইলচেয়ারে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে খায়রুল হকের পক্ষে শুনানি করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে খায়রুল হককে কারাগারে ফেরত পাঠানো হয়।

গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. ইব্রাহিম খলিল তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

এর আগে কয়েক দফায় সাতটি মামলায় তাঁকে জামিন দেন আপিল বিভাগ। গত ১৭ মে এক আদেশে বিচারপতি খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করা হয়।

খোবাইব হত্যা মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোবাইব। এ সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খোবাইবের ভাই জোবায়ের আহম্মেদ একটি মামলা করেন। এতে শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।

গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর